হরমুজ প্রণালি ইস্যুতে যুক্তরাষ্ট্রের আহ্বান প্রত্যাখ্যান করল জার্মানি
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক কার্যক্রমে কোনো ধরনের অংশগ্রহণের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে জার্মানি। জার্মান সরকার স্পষ্ট জানিয়েছে, ইরান-যুক্তরাষ্ট্রের এই সংঘাত ন্যাটোর কোনো যুদ্ধ নয় এবং এতে জোটের কোনো ভূমিকা থাকার সুযোগ নেই।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন হরমুজ প্রণালি সচল রাখতে ন্যাটো মিত্রদের কাছে সাহায্য চেয়েছেন এবং ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, ঠিক তখনই জার্মানির এই কঠোর অবস্থান সামনে এল। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎসের মুখপাত্র সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, ‘এই যুদ্ধের সঙ্গে ন্যাটোর কোনো সম্পর্ক নেই এবং এটি ন্যাটোর কোনো যুদ্ধও নয়।’ জার্মানির মতে, যুদ্ধ শুরুর আগেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল স্পষ্ট করেছিল যে ইউরোপীয় কোনো সামরিক সহায়তার তাদের প্রয়োজন নেই। সুতরাং এখন এই পরিস্থিতিতে সামরিক বা নিরাপত্তা কার্যক্রমে অংশ নেওয়ার পরিকল্পনা বার্লিনের নেই।
ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে জার্মান পররাষ্ট্রমন্ত্রীও একই সুরে কথা বলেছেন। তিনি মনে করেন, হরমুজ প্রণালির সংকট নিরসনে ন্যাটো সদস্যদের কোনো ভূমিকা থাকা উচিত নয়। এছাড়া, সম্প্রতি রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের কিছু নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্তের সমালোচনা করে জার্মানি নিজেদের স্বাধীন পররাষ্ট্রনীতি বজায় রাখার ইঙ্গিত দিয়েছে। অর্থাৎ, ট্রাম্পের প্রবল চাপ সত্ত্বেও জার্মানি এই সংঘাত থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার সিদ্ধান্তে অটল রয়েছে। এই কূটনৈতিক দূরত্ব ন্যাটো জোটের ঐক্য নিয়ে বড় ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে।