মুসলিম বিশ্বের ঐক্যের ডাক দিয়ে লারিজানির শেষ বার্তা: লড়াইয়ে অনড় ইরান
ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি তাঁর সাম্প্রতিক এক বার্তায় মুসলিম দেশগুলোর প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জোরালো আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) লারিজানিকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলার খবরের পর তাঁর এই বার্তাটি বিশ্বজুড়ে বিশেষ গুরুত্ব পাচ্ছে। লারিজানি স্পষ্ট করে বলেছেন, পশ্চিমা আগ্রাসনের মুখে ইরান কখনোই পিছু হটবে না।
বার্তায় লারিজানি ক্ষোভ প্রকাশ করে বলেন, হাতেগোনা কয়েকটি দেশ বাদে অধিকাংশ মুসলিম রাষ্ট্র ইরানের কঠিন সময়ে পাশে দাঁড়ায়নি। তিনি ধর্মীয় দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রশ্ন তোলেন— যদি কেউ ‘হে মুসলিমরা’ বলে সাহায্যের ডাক দেয় আর তাতে কেউ সাড়া না দেয়, তবে সে কি প্রকৃত মুসলিম? তাঁর মতে, চলমান এই ভয়াবহ সংকটে কোনো দেশের ‘নিরপেক্ষ’ থাকার সুযোগ নেই। লারিজানি প্রতিবেশী দেশগুলোকে আশ্বস্ত করে বলেছেন যে, ইরান কারও ওপর আধিপত্য বিস্তার করতে চায় না; বরং মুসলিম বিশ্বের ঐক্যই পারে সব রাষ্ট্রের নিরাপত্তা, স্বাধীনতা ও অগ্রগতি নিশ্চিত করতে।
ইসরায়েলি হামলার শিকার হওয়ার আগে দেওয়া এই বার্তায় তিনি আঞ্চলিক বিভিন্ন দেশে ইরানের হামলার যৌক্তিকতাও তুলে ধরেন। তাঁর এই বক্তব্য এখন মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতিতে এক বিশেষ রাজনৈতিক দলিল হিসেবে বিবেচিত হচ্ছে।