খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানালেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমানের গৃহীত খাল খনন কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (১৬ মার্চ) নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই উদ্যোগকে দেশের পানিসম্পদ ও কৃষিখাতের জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।
ডা. শফিকুর রহমান বলেন, নদীমাতৃক বাংলাদেশের নদী ও খালগুলো নাব্যতা হারিয়ে ফেলায় বর্তমানে কৃষি, মৎস্য সম্পদ এবং বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে। অতীতে ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব এবং নদী ভরাটের ফলে বর্ষায় অকাল বন্যা এবং শুকনো মৌসুমে নদীগুলোর মরুভূমি হয়ে যাওয়ার যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, তা থেকে উত্তরণে খাল খনন একটি ভালো উদ্যোগ। তবে তিনি সতর্ক করে বলেন, শুধু খাল খনন করলেই হবে না; প্রধান নদীগুলোতে পর্যাপ্ত ড্রেজিং ও নদী শাসন প্রক্রিয়া নিশ্চিত করে নদ-নদীর স্বাভাবিক জীবন ফিরিয়ে আনা জরুরি।
বিরোধী দলীয় নেতা সরকারের উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে স্বচ্ছতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, অতীতে ড্রেজিং ও নদী সংস্কারের নামে বরাদ্দকৃত বাজেটের যথাযথ প্রতিফলন দেখা যায়নি। জনগনের ট্যাক্সের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন, স্বচ্ছতা বজায় রেখে এবং প্রধান নদীগুলোর সাথে খাল খনন কর্মসূচির সমন্বয় ঘটিয়ে কাজ করলে তবেই জনগণ এই উদ্যোগের প্রকৃত সুফল পাবে। নদীর নাব্যতা ফিরিয়ে না আনলে বিচ্ছিন্নভাবে খাল খনন করে দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব নয় বলেও তিনি মত প্রকাশ করেন।