হরমুজ প্রণালি সচল করতে এবার চীনের দ্বারস্থ ট্রাম্প; বৈঠক পিছিয়ে দেওয়ার হুঁশিয়ারি


হরমুজ প্রণালি সচল করতে চীনের সহায়তা চাইলেন ট্রাম্প: ন্যাটোর ওপর ক্ষোভ

ইরানের সাথে চলমান যুদ্ধের কারণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়ায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় সংকট তৈরি হয়েছে। এই অচলাবস্থা নিরসনে এবার নিজের প্রধান প্রতিদ্বন্দ্বী দেশ চীনের দ্বারেস্থ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে এই জলপথটি পুনরায় সচল করতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

ট্রাম্পের যুক্তি হলো, চীন তাদের প্রয়োজনীয় তেলের প্রায় ৯০ শতাংশই এই প্রণালি দিয়ে সংগ্রহ করে। তাই এই পথ নিরাপদ রাখা চীনেরও বড় স্বার্থ। চলতি মাসের শেষ দিকে বেইজিংয়ে শি জিনপিংয়ের সাথে ট্রাম্পের একটি উচ্চপর্যায়ের বৈঠক নির্ধারিত রয়েছে। তবে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে, বৈঠকের আগেই যদি চীন কার্যকর কোনো পদক্ষেপ না নেয়, তবে তিনি এই সফর পিছিয়ে দিতে পারেন। ট্রাম্প মনে করেন, দুই সপ্তাহ অনেক দীর্ঘ সময় এবং এর মধ্যেই সমাধান আসা জরুরি।

একই সাক্ষাৎকারে ট্রাম্প নিজের মিত্র দেশ ও সামরিক জোট ন্যাটোর ওপর তীব্র ক্ষোভ ঝেড়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, মিত্ররা যদি হরমুজ প্রণালি উন্মুক্ত করতে যুক্তরাষ্ট্রকে সাহায্য না করে, তবে ন্যাটোর সামনে ‘খুবই খারাপ ভবিষ্যৎ’ অপেক্ষা করছে। ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্র সব সময় অন্যদের সাহায্য করলেও প্রয়োজনে মিত্রদের পাশে পাচ্ছে না, যা আন্তর্জাতিক কূটনীতিতে এক নতুন টানাপড়েন সৃষ্টি করেছে।

Post a Comment

Previous Post Next Post