নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন ও এআই প্রযুক্তির ভিডিও নিয়ে তৈরি ধোঁয়াশা
সোশ্যাল মিডিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর খবর নিয়ে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ইরানি গণমাধ্যমসহ বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে দাবি করা হচ্ছে যে, ইরানের হামলায় নেতানিয়াহু নিহত হয়েছেন। তবে এসব দাবিকে পুরোপুরি ‘ভুয়া খবর’ বলে উড়িয়ে দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। তাদের দাবি, প্রধানমন্ত্রী সুস্থ আছেন। যদিও গত ৩ মার্চের পর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি, যা এই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।
শনিবার (১৪ মার্চ) আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে শুক্রবার এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করা নেতানিয়াহুর একটি ভিডিও। ভিডিওতে তাকে ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে দেখা যায়। কিন্তু নেটিজেনরা লক্ষ্য করেন যে, তার ডান হাতে ছয়টি আঙুল দেখা যাচ্ছে—যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির ত্রুটি হিসেবে পরিচিত। এই ভিডিওটি সামনে আসার পর থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি নেতানিয়াহুর বক্তব্যটি এআই দিয়ে তৈরি?
এই অসংগতিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীরা দাবি করছেন যে, প্রধানমন্ত্রী সম্ভবত বেঁচে নেই এবং পুরোনো ফুটেজ বা এআই দিয়ে তাকে উপস্থাপনের চেষ্টা চলছে। যদিও এক্স-এর এআই চ্যাটবট ‘গ্রোক’ ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে এই মৃত্যুকে ভুয়া বলে দাবি করেছে, তবুও জনসমক্ষে প্রধানমন্ত্রীর সশরীরে অনুপস্থিতি ও ভিডিওর এই ত্রুটি নিয়ে জনমনে সন্দেহ রয়েই গেছে। এখন পর্যন্ত ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় ভিডিওর হাতের অসংগতি নিয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি।