ইরানকে কড়া হুঁশিয়ারি ১২ মুসলিম দেশের; রিয়াদ বৈঠকে হামলা বন্ধের দাবি

 

ইরানকে হামলা বন্ধের আহ্বান ১২ আরব ও ইসলামি দেশের: রিয়াদ বৈঠকের যৌথ ঘোষণা

ইরানের সাম্প্রতিক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধের আহ্বান জানিয়েছে ১২টি আরব ও ইসলামি দেশ। বুধবার (১৮ মার্চ) সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে কাতার, সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান, মিসর এবং সংযুক্ত আরব আমিরাতসহ ১২ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এই যৌথ বিবৃতি প্রদান করেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অফিসিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেলে এই তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইরান উদ্দেশ্যমূলকভাবে বেসামরিক এলাকা, তেল স্থাপনা, আন্তর্জাতিক বিমানবন্দর এবং আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালাচ্ছে, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। পররাষ্ট্রমন্ত্রীরা স্পষ্ট জানিয়েছেন যে, প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্বে হস্তক্ষেপ বন্ধ না করলে ভবিষ্যতে সুসম্পর্ক বজায় রাখা অসম্ভব হয়ে পড়বে। এছাড়া আন্তর্জাতিক নৌপথ, বিশেষ করে হরমুজ প্রণালীবাব আল-মান্দাবে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি না করার জন্য ইরানকে সতর্ক করা হয়েছে।

বৈঠকে অংশ নেওয়া দেশগুলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮১৭ নম্বর প্রস্তাব বাস্তবায়নের ওপর জোর দিয়েছে। একই সাথে তারা লেবাননের সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানিয়ে সেখানে ইসরায়েলি আগ্রাসনেরও নিন্দা জানায়। আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে এই দেশগুলো ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছে। সামরিক শক্তির ব্যবহার করে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নষ্ট না করতে ইরানের প্রতি কড়া হুশিয়ারি দেওয়া হয়েছে এই সম্মেলন থেকে।

Post a Comment

Previous Post Next Post