মধ্যপ্রাচ্য যুদ্ধের আগুনে পুড়ছে ব্রিটিশদের পকেট; জীবনযাত্রার ব্যয় নিয়ে স্টর্মারের উদ্বেগ
মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে ব্রিটিশ নাগরিকদের জীবনযাত্রার ব্যয় আকাশচুম্বী হয়ে উঠেছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টর্মার। শুক্রবার (২০ মার্চ) এক বিবৃতিতে তিনি সতর্ক করে বলেন, এই সংঘাতের ফলে বিশ্ববাজারে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের দাম হু হু করে বাড়ায় সাধারণ পরিবারগুলো প্রচণ্ড আর্থিক চাপের মুখে পড়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতের ফলে কেবল জ্বালানি নয়, বরং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য যেমন—পাউরুটি, পাস্তা, শাকসবজি ও ফলের দামও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সামুদ্রিক মাছ ধরার নৌকায় ব্যবহৃত ‘রেড ডিজেল’-এর দাম প্রায় ৭৩ শতাংশ বেড়ে যাওয়ায় মাছের বাজারেও আগুন লেগেছে। স্টর্মার জানান, এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে এবং সাধারণ মানুষের বাজেট সুরক্ষা করা কঠিন হয়ে পড়বে।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর মতে, এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ মীমাংসায় পৌঁছানো। তিনি আরও যোগ করেন যে, তাঁর সরকার অতিরিক্ত ব্যয় কমাতে এবং বাজার স্থিতিশীল রাখতে আপ্রাণ চেষ্টা করছে। তবে বৈশ্বিক জ্বালানি সংকটের এই কষাঘাত যে ব্রিটিশদের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলছে, তা এখন স্পষ্ট।