উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস; দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা

 


উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস; হাসপাতালে রাজনৈতিক নেতাদের ভিড়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য মির্জা আব্বাস গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। গত বুধবার ইফতারের সময় পানি পানের মুহূর্তে তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ওই রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আজ শুক্রবার (১৩ মার্চ) উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়ার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দলীয় এক বার্তার মাধ্যমে তার এই বিদেশ যাত্রার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিকে মির্জা আব্বাসের অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে গিয়েছেন দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। বৃহস্পতিবার রাতে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

এছাড়াও তাকে দেখতে হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। নেতৃবৃন্দ কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন এবং তার চিকিৎসার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। দেশবাসীর কাছে মির্জা আব্বাসের পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।

Post a Comment

Previous Post Next Post