ইসরায়েলকে ৭ দিনের আল্টিমেটাম দিল যুক্তরাষ্ট্র; তেলের বাজার নিয়ন্ত্রণে হিমশিম ট্রাম্প

 

ইরান যুদ্ধ বন্ধে ইসরায়েলকে এক সপ্তাহের আল্টিমেটাম দিল ওয়াশিংটন

ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে বড় ধরনের নীতি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে মাত্র এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছে ওয়াশিংটন। মার্কিন প্রশাসনের মতে, অদূর ভবিষ্যতে ইরানের বর্তমান শাসনের পতন হওয়ার সম্ভাবনা নেই। কারণ দেশটিতে সরকার পরিবর্তনের জন্য হয় সরাসরি বিশাল স্থল অভিযান প্রয়োজন, নয়তো দেশজুড়ে ব্যাপক গণবিক্ষোভ—যার কোনোটিই বর্তমানে দৃশ্যমান নয়।

এই সংঘাত নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে স্পষ্ট মতবিরোধ দেখা দিয়েছে। ইসরায়েল তাদের অভিযানে বড় ধরনের সাফল্যের দাবি করলেও যুক্তরাষ্ট্র মূলত বিশ্ববাজারে তেলের আকাশচুম্বী দাম এবং ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ে উদ্বিগ্ন। মার্কিন সংবাদমাধ্যম 'পলিটিকো' জানিয়েছে, ট্রাম্প প্রশাসন যুদ্ধের সুদূরপ্রসারী প্রভাব পর্যালোচনা না করেই এই সংঘাত শুরু করেছিল। এর ফলে মাত্র দুই সপ্তাহে যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন পেট্রলের দাম প্রায় ৬০ সেন্ট বেড়ে গেছে, যা ট্রাম্পের দেওয়া অর্থনৈতিক প্রতিশ্রুতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কৌশলগত মজুত থেকে ১৭ কোটি ২০ লাখ ব্যারেল তেল বাজারে ছাড়ার নির্দেশ দিয়েছেন। অর্থনৈতিক এই সংকট ও তেলের বাজার স্থিতিশীল রাখতেই মূলত ইসরায়েলকে দ্রুত যুদ্ধ শেষ করার জন্য এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ওয়াশিংটন মনে করছে, এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে তা কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং খোদ যুক্তরাষ্ট্রের অর্থনীতিকেও বড় ধরনের মন্দার দিকে ঠেলে দেবে।

Post a Comment

Previous Post Next Post