লারিজানি ও সোলেইমানির পর খাতিব; ইরানের শাসনব্যবস্থা কি ধসে পড়ার মুখে?

 

তেহরানের নিরাপত্তা বলয়ে বড় ধস; এবার গোয়েন্দামন্ত্রী এসমাইল খাতিবকে হত্যার দাবি ইসরায়েলের

ইরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের ওপর ইসরায়েলি হামলা এখন চরম পর্যায়ে পৌঁছেছে। বুধবার (১৮ মার্চ) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেছেন যে, তাদের অভিযানে ইরানের গোয়েন্দামন্ত্রী এসমাইল খাতিব নিহত হয়েছেন। যদিও তেহরান এখন পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি, তবে এই দাবি সত্য হলে এটি হবে গত ৪৮ ঘণ্টার মধ্যে ইরানের তৃতীয় কোনো শীর্ষ নেতার মৃত্যু।

এর আগে মঙ্গলবার পৃথক বিমান হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি এবং আধাসামরিক বাহিনী বাসিজের প্রধান গোলামরেজা সোলেইমানি নিহত হন। মাত্র দুই দিনের ব্যবধানে গোয়েন্দা প্রধান, নিরাপত্তা প্রধান এবং বাসিজ প্রধানের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হারানো ইরানের প্রতিরক্ষা ও প্রশাসনিক কাঠামোর জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে। আজ বুধবার নিহত লারিজানি ও সোলেইমানির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

একের পর এক হত্যাকাণ্ডে তেহরান বড় ধরনের ধাক্কা খেলেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছেন, তাদের সরকার কোনো একক ব্যক্তির ওপর নির্ভরশীল নয়। তাঁর মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই গুপ্তহত্যার মাধ্যমে ইরানের শাসনব্যবস্থাকে ভেঙে দিতে পারবে না। তবে বিশ্লেষকদের মতে, গোয়েন্দা ও নিরাপত্তা বিভাগের শীর্ষ কর্মকর্তাদের এভাবে নিখুঁত নিশানায় হত্যা করা প্রমাণ করে যে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা বলয়ে শত্রুপক্ষের গভীর অনুপ্রবেশ ঘটেছে।

Post a Comment

Previous Post Next Post