নওরোজের শুভেচ্ছায় পুতিনের বার্তা: তেহরানের ‘নির্ভরযোগ্য বন্ধু’ মস্কো
ইরানি নববর্ষ নওরোজ উপলক্ষে ইরানের নেতাদের অভিনন্দন জানিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বিশেষ বার্তা পাঠিয়েছেন। শনিবার (২১ মার্চ) ক্রেমলিন থেকে পাঠানো এই বার্তায় তিনি ইরানকে রাশিয়ার ‘একনিষ্ঠ বন্ধু’ এবং ‘নির্ভরযোগ্য অংশীদার’ হিসেবে অভিহিত করেছেন। পুতিন আশা প্রকাশ করেন যে, বর্তমান কঠিন সময় ও চ্যালেঞ্জগুলো ইরানি জনগণ সফলভাবে কাটিয়ে উঠতে সক্ষম হবে।
মস্কো সরাসরি অভিযোগ করেছে যে, ইরান অভিমুখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই আক্রমণ পুরো মধ্যপ্রাচ্যকে এক গভীর সংকটে ঠেলে দিয়েছে, যার ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে চরম অস্থিরতা তৈরি হয়েছে। এছাড়া ইরানের সাবেক সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডকে পুতিন একটি ‘নৃশংস খুন’ হিসেবে বর্ণনা করে এর তীব্র নিন্দা জানান।
তবে তেহরানকে মস্কোর প্রকৃত সহযোগিতার মাত্রা নিয়ে আন্তর্জাতিক মহলে বিতর্ক রয়েছে। সম্প্রতি পলিটিকো দাবি করেছিল যে, ইউক্রেনকে দেওয়া মার্কিন গোয়েন্দা সহায়তা বন্ধের বিনিময়ে ইরানকে সহযোগিতা কমানোর প্রস্তাব দিয়েছিল রাশিয়া। যদিও ক্রেমলিন এই প্রতিবেদনকে ‘ভুয়া’ বলে উড়িয়ে দিয়েছে। কৌশলগতভাবে, মার্কিন ও ইসরায়েলি হামলার ফলে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় রাশিয়া আর্থিকভাবে লাভবান হচ্ছে, যা এই অঞ্চলে মস্কোর স্বার্থকে আরও জটিল করে তুলেছে।