ব্রিটিশ ঘাঁটি ব্যবহার নিয়ে যুক্তরাজ্যকে ইরানের চরম হুঁশিয়ারি
যুক্তরাজ্য যদি যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়, তবে তাকে ‘আগ্রাসনে সরাসরি অংশগ্রহণ’ হিসেবে গণ্য করবে ইরান। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারকে দেওয়া এক কঠোর সতর্কবার্তায় এই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। নিজের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে তিনি স্পষ্ট করেছেন যে, ব্রিটিশদের এমন পদক্ষেপ দুই দেশের ইতিহাসে স্থায়ীভাবে আগ্রাসন হিসেবে চিহ্নিত থাকবে এবং ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে।
আরাগচি অভিযোগ করেন, যখন কূটনৈতিক আলোচনার পথ খোলা ছিল, ঠিক তখনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিকল্পিতভাবে এই যুদ্ধ শুরু করেছে। তিনি আরও দাবি করেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনায় ব্রিটেন ও অন্যান্য ইউরোপীয় দেশগুলো চরম ‘পক্ষপাতদুষ্ট’ ভূমিকা পালন করছে। এই প্রসঙ্গে তিনি গত ২৮ ফেব্রুয়ারি দক্ষিণ ইরানের মিনাবে একটি বালিকা বিদ্যালয়ে হওয়া ভয়াবহ বোমা হামলার উদাহরণ টানেন, যেখানে ১৬৫ জনেরও বেশি মানুষ (বেশিরভাগই শিশু) নিহত হয়েছিলেন।
যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই হামলার জন্য ইরানকে দায়ী করার ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু পেন্টাগনের তদন্তে বেরিয়ে এসেছে যে হামলাটি মার্কিন সামরিক বাহিনীর একটি ‘টমাহক’ মিসাইলের মাধ্যমে চালানো হয়েছিল। আরাগচির এই কড়া বার্তার পর মধ্যপ্রাচ্যে ব্রিটিশ স্বার্থ ও সামরিক অবস্থান নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।