ইয়েলো সাগরে ২ ঘণ্টা উড়ল উত্তর কোরিয়ার মিসাইল; কিম-ট্রাম্প সাক্ষাতের আগে চরম উত্তেজনা

 


ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফরের আগে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা; এশিয়ায় নতুন উত্তেজনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফরের ঠিক আগমুহূর্তে সমুদ্রে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ে নিজেদের সামরিক শক্তির জানান দিয়েছে উত্তর কোরিয়া। বুধবার (২৯ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ নিশ্চিত করেছে যে, মঙ্গলবার ইয়েলো সাগরে এই পরীক্ষা চালানো হয়। ক্ষেপণাস্ত্রগুলো দুই ঘণ্টার বেশি সময় আকাশে উড়ে নির্ধারিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে।

পারমাণবিক প্রস্তুতির বার্তা: উত্তর কোরিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা পাক জং চন এই পরীক্ষাটি তদারকি করেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, যুদ্ধ প্রতিরোধে উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা বাড়িয়ে শত্রুদের কাছে নিজেদের ক্ষমতা প্রদর্শন করাই ছিল এই পরীক্ষার মূল উদ্দেশ্য। গত সপ্তাহেই তারা একটি ‘নতুন হাইপারসনিক সিস্টেম’ বা স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী জানিয়েছে, তারা পিয়ংইয়ংয়ের এই উৎক্ষেপণ আগে থেকেই শনাক্ত করেছিল এবং যেকোনো উসকানির জবাব দিতে তারা সম্পূর্ণ প্রস্তুত।

ট্রাম্পের সফর ও কূটনৈতিক সমীকরণ: প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমানে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন এবং সেখানে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সাথে বৈঠকসহ ‘এপেক’ সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে। ট্রাম্প কিম জং উনের সাথে পুনরায় সাক্ষাতের আগ্রহ প্রকাশ করলেও উত্তর কোরিয়া সাফ জানিয়ে দিয়েছে, পারমাণবিক কর্মসূচি পরিত্যাগের শর্ত দিলে তারা কোনো আলোচনায় বসবে না। ২০১৯ সালে দুই নেতার বৈঠক ব্যর্থ হওয়ার পর থেকে দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক এক প্রকার স্থবির হয়ে আছে। এর আগে জাপান সফরকালে ট্রাম্প উত্তর কোরিয়ার হাতে অপহৃত জাপানি নাগরিকদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন।

Post a Comment

Previous Post Next Post