কুমিল্লা বাস টার্মিনালে ভয়াবহ অগ্নিকাণ্ড; পুড়ে ছাই দাঁড়িয়ে থাকা ৩টি বাস
কুমিল্লার কেন্দ্রীয় বাস টার্মিনাল জাঙ্গালিয়া এলাকায় দাঁড়িয়ে থাকা ‘রয়েল পরিবহন’-এর তিনটি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৫ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বাস তিনটি পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনার সূত্রপাত ও প্রত্যক্ষদর্শীদের দাবি: প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, টার্মিনালে পার্কিং করে রাখা বাস তিনটিতে বসে একদল বখাটে মাদক সেবন করছিল। মাদক সেবনের সময় তাদের ব্যবহৃত লাইটার থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই বখাটেরা দৌড়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের ধাওয়া করেও কাউকে আটক করতে পারেনি।
পুলিশের বক্তব্য ও তদন্ত: কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতার অংশ, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। বর্তমানে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। টার্মিনালে দিনের আলোতে এমন দুঃসাহসিক ঘটনায় সাধারণ যাত্রী ও পরিবহন মালিকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।