অচেতন অবস্থায় চিকিৎসাধীন মোজতবা খামেনি! ইরানের ক্ষমতা কাঠামোতে চরম অস্থিরতা

 


অচেতন অবস্থায় চিকিৎসাধীন মোজতবা খামেনি; ইরানের ক্ষমতা নিয়ে ঘনীভূত রহস্য

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা ৫৬ বছর বয়সী মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। মঙ্গলবার (৭ এপ্রিল) মার্কিন সাময়িকী 'দ্য টাইমস' ও ভারতের 'এনডিটিভি'র প্রতিবেদনে দাবি করা হয়েছে, মোজতবা খামেনি বর্তমানে গুরুতর আহত অবস্থায় সংজ্ঞাহীন বা অচেতন রয়েছেন। তিনি রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো শারীরিক বা মানসিক অবস্থায় নেই।

চিকিৎসা ও বর্তমান অবস্থান: প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় মোজতবা খামেনি গুরুতর আহত হন। বর্তমানে তিনি তেহরান থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণে শিয়া ইসলামের পবিত্র কেন্দ্র কুম শহরে চিকিৎসাধীন। কূটনৈতিক সূত্রের বরাতে জানানো হয়েছে, তাঁর অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন। একই হামলায় তাঁর মা, স্ত্রী এবং এক সন্তান নিহত হয়েছেন বলে এর আগে সংবাদ প্রকাশিত হয়েছিল।

গোপন গোয়েন্দা তথ্য ও দাফনের প্রস্তুতি: মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, কুম শহরে একটি বিশাল মাজার নির্মাণের প্রস্তুতি চলছে। সেখানে সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির (যিনি একই হামলায় নিহত হয়েছেন বলে দাবি করা হয়) মরদেহের পাশাপাশি আরও একাধিক কবরের জায়গা রাখা হচ্ছে। এটি ইঙ্গিত দেয় যে, মোজতবা খামেনির অবস্থাও জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।

ইরানের রহস্যময় অবস্থান: মার্চের শুরুতে তাঁকে নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা করা হলেও আজ পর্যন্ত তাঁকে জনসমক্ষে দেখা যায়নি বা তাঁর কোনো বক্তব্য শোনা যায়নি। যদিও ইরানি কর্মকর্তারা দাবি করছেন যে পরিস্থিতি তাঁদের নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন বলেই মনে করছেন বিশ্লেষকরা। কেউ দাবি করছেন তিনি কোমায় আছেন, আবার কারো মতে তাঁর পা এবং মুখমণ্ডল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই পক্ষই এখন পর্যন্ত এই প্রতিবেদনের বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

Post a Comment

Previous Post Next Post