ইরানকে সৌদি আরবের চরম হুঁশিয়ারি: প্রয়োজনে সম্মিলিত সামরিক পদক্ষেপের হুমকি
সৌদি আরব ও পার্শ্ববর্তী উপসাগরীয় দেশগুলোর ওপর ইরানের ধারাবাহিক হামলা আর বরদাশত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। রিয়াদে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক জরুরি বৈঠক শেষে তিনি স্পষ্ট জানিয়েছেন যে, তেহরান যদি তাদের আঞ্চলিক যুদ্ধের কৌশল পরিবর্তন না করে, তবে তাদের বিরুদ্ধে সম্মিলিত বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হবে।
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর মতে, ইরান অত্যন্ত পরিকল্পিতভাবে বেসামরিক স্থাপনা ও জ্বালানি কেন্দ্রগুলোতে হামলা চালাচ্ছে। সম্প্রতি কাতারের রাস লাফান এবং সংযুক্ত আরব আমিরাতের হাবশান গ্যাস ফ্যাসিলিটিতে হওয়া হামলার কঠোর নিন্দা জানিয়ে তিনি বলেন, "আমাদের ধৈর্যের সীমা আছে, কিন্তু তা অসীম নয়।" ইতোমধ্যে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় রিয়াদ লক্ষ্য করে ছোড়া চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আমিরাত বেশ কিছু ড্রোন প্রতিহত করার দাবি করেছে।
প্রিন্স ফয়সাল আরও সতর্ক করেছেন যে, এই হামলার ফলে ইরানের সঙ্গে দীর্ঘদিনের অর্জিত পারস্পরিক আস্থা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। যদি এই উসকানিমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকে, তবে ভবিষ্যতে সম্পর্ক পুনর্গঠন ‘প্রায় অসম্ভব’ হয়ে পড়বে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) আগে থেকেই প্রতিবেশী দেশগুলোর জ্বালানি স্থাপনায় হামলার হুমকি দিয়ে আসছিল, যা এখন বাস্তবে রূপ নেওয়ায় মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে।