ইরানে সম্ভাব্য মার্কিন স্থল হামলার প্রস্তুতি; যুদ্ধের নতুন ধাপে মধ্যপ্রাচ্য
ইরান বনাম যুক্তরাষ্ট্র সংঘাত এখন চরম উত্তেজনাকর মুহূর্তে পৌঁছেছে। আকাশ ও নৌপথের পর এবার ইরানে সরাসরি স্থল হামলা চালানোর পরিকল্পনা করছে ওয়াশিংটন। রোববার (২৯ মার্চ) ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, হোয়াইট হাউস এবং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এই নতুন সামরিক ধাপের জন্য জোর প্রস্তুতি নিচ্ছে, যা আগের তুলনায় অনেক বেশি বিপজ্জনক হতে পারে।
হামলার কৌশল ও লক্ষ্য: হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট জানিয়েছেন, এই প্রস্তুতির অর্থ এই নয় যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। তবে মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনাকে জড়ো করা হয়েছে। সামরিক কর্মকর্তাদের মতে, এটি গতানুগতিক কোনো বড় আকারের স্থল আক্রমণ হবে না; বরং স্পেশাল ফোর্স এবং কামান সেনারা ইরানের ভেতরে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অতর্কিত অভিযান বা ‘রেইড’ দেবে। এর মূল লক্ষ্য হলো ইরানের সামরিক সক্ষমতাকে দীর্ঘমেয়াদে পঙ্গু করে দেওয়া।
শীঘ্রই সরে আসার আশ্বাস: অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক সাক্ষাৎকারে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানে দীর্ঘকাল অবস্থান করতে আগ্রহী নয়। তাদের লক্ষ্য কেবল ইরানের শক্তিকে এমনভাবে দুর্বল করা যেন ভবিষ্যতে আর কোনো যুদ্ধের প্রয়োজন না হয়। সামরিক লক্ষ্য অর্জিত হওয়ার পর মার্কিন সেনারা খুব দ্রুতই ইরান ত্যাগ করবে। তিনি আরও উল্লেখ করেন যে, যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম সাময়িকভাবে বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তা আবার স্বাভাবিক হয়ে যাবে।