প্রতিবেশী রাষ্ট্রে হামলার অভিযোগ নাকচ করলেন মোজতবা খামেনি; ইসরায়েলের ‘চাল’ বলে দাবি
তুরস্ক বা ওমানকে লক্ষ্য করে ইরান কোনো ধরনের হামলা চালায়নি বলে জোরালো দাবি করেছেন দেশটির নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি। শুক্রবার (২০ মার্চ) প্রকাশিত এক লিখিত বিবৃতিতে তিনি এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেন। তাঁর মতে, ইরান ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিভেদ তৈরির উদ্দেশ্যে ইসরায়েল পরিকল্পিতভাবে এই ‘চাল’ চেলেছে।
মোজতবা খামেনি তাঁর বিবৃতিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তেহরানের সম্পর্ককে “অত্যন্ত ঘনিষ্ঠ” বলে অভিহিত করেন। বিশেষ করে পাকিস্তানের প্রতি তাঁর পিতা আয়াতুল্লাহ আলী খামেনির বিশেষ অনুরাগের কথা স্মরণ করেন তিনি। একই সঙ্গে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের আহ্বান জানিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রস্তুতিও ব্যক্ত করেন তিনি। তাঁর দাবি অনুযায়ী, তুরস্ক ও ওমানের কিছু অংশে যে হামলার কথা শোনা যাচ্ছে, তার পেছনে ইরানের সশস্ত্র বাহিনী বা প্রতিরোধ ফ্রন্টের কোনো ইউনিটের সংশ্লিষ্টতা নেই।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে পিতার উত্তরসূরি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেও মোজতবা খামেনিকে এখন পর্যন্ত জনসমক্ষে দেখা যায়নি। এমনকি তাঁর কোনো নতুন ভিডিও বা ছবিও প্রকাশিত হয়নি। কেবল কয়েকটি লিখিত বার্তার মাধ্যমেই তিনি রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করছেন, যা তাঁর বর্তমান অবস্থান ও শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে রহস্য আরও ঘনীভূত করেছে।