মিত্ররা সব কাপুরুষ’—হরমুজ প্রণালী নিয়ে ন্যাটোকে ধুয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প

 

ইরান যুদ্ধ কি শেষের পথে? ট্রাম্পের ইঙ্গিত ও যুদ্ধের ময়দানে বিপরীত প্রস্তুতি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, যুক্তরাষ্ট্র ইরানে তাদের সামরিক লক্ষ্য পূরণের খুব কাছাকাছি পৌঁছে গেছে এবং তিনি এই যুদ্ধ ‘শেষ করার’ বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি জানান, ইরানের বর্তমান শাসনের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান কমিয়ে আনা হতে পারে। তবে ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি কোনো ‘যুদ্ধবিরতি’ চান না; বরং প্রতিপক্ষকে পুরোপুরি কাবু করেই মিশন শেষ করতে আগ্রহী।

হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে ট্রাম্পের অবস্থান বেশ কঠোর। তিনি জানিয়েছেন, এই নৌপথ ব্যবহারের দায়িত্ব ও খরচ সংশ্লিষ্ট দেশগুলোকেই নিতে হবে, যুক্তরাষ্ট্র একা এই বোঝা বইবে না। এমনকি ন্যাটো মিত্ররা সহায়তা করতে রাজি না হওয়ায় তাদের ‘কাপুরুষ’ বলেও আখ্যা দিয়েছেন তিনি। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৫০ শতাংশ বেড়ে যাওয়ায় ট্রাম্প প্রশাসন ইরানের ওপর থেকে সাময়িক নিষেধাজ্ঞা শিথিল করে ১৪ কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ার অনুমতি দিয়েছে।

ট্রাম্প যুদ্ধের সমাপ্তির কথা বললেও পেন্টাগনের প্রস্তুতি ভিন্ন চিত্র তুলে ধরছে। পেন্টাগন যুদ্ধের জন্য অতিরিক্ত ২০ হাজার কোটি ডলার বরাদ্দ চেয়েছে এবং প্রায় আড়াই হাজার মেরিন সেনাসহ যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। এমনকি ইরানের অর্থনীতির প্রাণকেন্দ্র ‘খার্গ দ্বীপ’ দখল বা সম্পূর্ণ ধ্বংস করার পরিকল্পনাও টেবিলে রয়েছে। অন্যদিকে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দাবি করেছেন, ইরান শত্রুকে ‘চমকে দেওয়ার মতো আঘাত’ হেনেছে এবং তাদের পরাজয় নিশ্চিত। সংঘাতের চতুর্থ সপ্তাহে এসে ট্রাম্পের এই মিশ্র বার্তা বিশ্ব রাজনীতিতে নতুন রহস্যের জন্ম দিয়েছে।

Post a Comment

Previous Post Next Post