লারিজানি ও সোলেমানির মৃত্যুতে উত্তাল ইরান: তেল আবিবে আইআরজিসি-র প্রতিশোধমূলক হামলা
ইরানের প্রভাবশালী দুই নেতা আলী লারিজানি এবং বাসিজ কমান্ডার গোলামরেজা সোলেমানির মৃত্যু নিশ্চিত হওয়ার পর মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ মোড় নিয়েছে। সোমবার (১৬ মার্চ) রাতে ইসরায়েলি বিমান হামলায় এই দুই শীর্ষ নেতার মৃত্যুর পর বুধবার তেহরানের পক্ষ থেকে তাদের জানাজা ও দাফনের প্রস্তুতি ঘোষণা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং লারিজানি হত্যার চরম প্রতিশোধ নিতে ইতিমধ্যে ইসরায়েলের বুক চিরে বিশাল ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি)।
ইরানের সেনাপ্রধান আমির হাতামির কড়া হুঁশিয়ারির পরপরই তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ইরানি হামলায় তেল আবিবে ২ জন নিহত হয়েছেন এবং অন্তত ১৯২ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলে মোট আহতের সংখ্যা ৩,৭২৭ ছাড়িয়ে গেছে।
তেহরানে লারিজানি ও সোলেমানির জানাজাকে কেন্দ্র করে ব্যাপক জনসমাগমের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে, এই জানাজা অনুষ্ঠান থেকেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরবর্তী বড় কোনো সামরিক অভিযানের ডাক দিতে পারেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। পারস্য উপসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান এই সংঘাত বিশ্বশান্তির জন্য এখন এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।