হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর ডাক ট্রাম্পের: ইরানকে কড়া হুঁশিয়ারি
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় সচল ও নিরাপদ করতে বিশ্বশক্তির দেশগুলোকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৪ মার্চ) তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাজ্যকে এই আহ্বানে সাড়া দেওয়ার অনুরোধ জানান। ট্রাম্পের স্পষ্ট বার্তা, “যেভাবেই হোক, আমরা খুব শীঘ্রই হরমুজ প্রণালি উন্মুক্ত ও মুক্ত করব।”
ট্রাম্প ঘোষণা করেছেন যে, এই নৌপথটি নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্র ইরানের উপকূলরেখায় ব্যাপক বোমা হামলা চালাবে এবং ইরানের যেকোনো সন্দেহভাজন নৌকা বা জাহাজ জলসীমায় ডুবিয়ে দেওয়া হবে। তিনি দাবি করেন, মার্কিন সামরিক অভিযানে ইরানের সক্ষমতার শতভাগ ধ্বংস করে দেওয়া হয়েছে। যদিও তিনি স্বীকার করেছেন যে, এরপরও ইরানের ড্রোন বা স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের সক্ষমতা থেকে যেতে পারে, যা রুখতে আন্তর্জাতিক জোটের যুদ্ধজাহাজ মোতায়েন জরুরি।
তবে ট্রাম্পের এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। জেনেভায় ইরানের প্রতিনিধি আলী বাহরানি বলেছেন, ট্রাম্পের দাবিগুলো সম্পূর্ণ ‘উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা’। এদিকে, হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ যাতায়াত করে। ফলে এই জলপথটি বন্ধ থাকায় বিশ্ববাজারে জ্বালানি সংকটের যে আশঙ্কা তৈরি হয়েছে, তা নিরসনে ট্রাম্প এখন মিত্র ও প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সমন্বিত সামরিক পদক্ষেপের ওপর জোর দিচ্ছেন।