বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল
ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের তীব্র সংকট ও অস্বাভাবিক দাম বৃদ্ধি সামাল দিতে রাশিয়ার তেলের ওপর থাকা নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে নিষেধাজ্ঞার কবলে থাকা রাশিয়ার তেল কেনার সাময়িক অনুমতি দেওয়া হয়েছে।
তবে এই ছাড় সবার জন্য নয়; শুধুমাত্র সেই দেশগুলোই এই সুবিধা পাবে যাদের কেনা তেল বা পেট্রোলিয়াম পণ্য ইতিমধ্যে জাহাজে লোড করা হয়েছে এবং বর্তমানে সমুদ্রে পরিবহনে রয়েছে। এই বিশেষ অনুমতি আগামী ১১ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে। মূলত ইরান যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হওয়া এবং উপসাগরে কার্গো জাহাজে হামলার ঘটনায় অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ায় এই জরুরি পদক্ষেপ নিল ওয়াশিংটন।
বিশ্বের মোট উৎপাদিত তেলের প্রায় ২০ শতাংশই এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। এই সংকটের মুখে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) তাদের মজুত থেকে রেকর্ড ৪০ কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। পাশাপাশি ফিলিপাইন, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো জ্বালানি সাশ্রয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা প্রয়োজনে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে সামরিক নিরাপত্তা প্রদান করবে যেন জ্বালানি সরবরাহ নিরাপদ থাকে।