ট্রাম্পকে ‘নির্বোধ’ বলে ক্ষেপণাস্ত্রে বিশেষ বার্তা ইরানের! শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান

 

ট্রাম্পের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের; ক্ষেপণাস্ত্রে বিশেষ ‘উপহার’ লিখে কটাক্ষ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কূটনৈতিক সমাধান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে ইরান। ট্রাম্প যখন দাবি করছেন যে একটি ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে এবং ইরান তাকে একটি ‘বিশাল উপহার’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, ঠিক তখনই তেহরান সেই দাবিকে উপহাস করে চরম কঠোর অবস্থান ব্যক্ত করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

১৫ দফা বনাম ৫ দফা: যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফার শান্তি প্রস্তাব—যাতে পারমাণবিক কর্মসূচি বন্ধ ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার শর্ত ছিল—তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। এর বদলে তেহরান পালটা ৫ দফা দাবি পেশ করেছে। তাদের প্রধান শর্তগুলো হলো: সব ধরণের আগ্রাসন স্থায়ীভাবে বন্ধ করা, ভবিষ্যতে হামলার নিশ্চয়তা দেওয়া, যুদ্ধের ক্ষয়ক্ষতি বাবদ বিপুল অর্থ প্রদান এবং হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌম কর্তৃত্ব স্বীকার করা।

ক্ষেপণাস্ত্রে ট্রাম্পকে বিদ্রূপ: ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) তাদের একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্রে ট্রাম্পকে ‘নির্বোধ’ আখ্যা দিয়ে একটি বার্তা লিখেছে। সেখানে লেখা হয়েছে, ‘এই আমাদের উপহার, গ্রহণ করুন’। ট্রাম্পের ‘উপহার’ সংক্রান্ত মন্তব্যের জবাবে এই বিদ্রূপাত্মক পদক্ষেপটি নেওয়া হয়েছে। এদিকে মার্কিন প্রশাসন হুঁশিয়ারি দিয়েছে যে, শর্ত না মানলে ইরানের ওপর ‘নরক নামিয়ে আনা’ হবে। দুই পক্ষের এই অনড় অবস্থান ও পাল্টাপাল্টি হুমকির ফলে মধ্যপ্রাচ্যের আকাশ এখন আরও মেঘাচ্ছন্ন হয়ে পড়েছে।

Post a Comment

Previous Post Next Post