মানবাধিকার সুরক্ষায় তারেক রহমানকে ৯টি বিশ্ব সংস্থার চিঠি
বাংলাদেশে মানবাধিকার রক্ষা এবং আইনের শাসন সুসংহত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এক যৌথ চিঠি পাঠিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ ৯টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। সোমবার (১৬ মার্চ) পাঠানো এই চিঠিতে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার ও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সংগঠনগুলো উল্লেখ করেছে, ২০২৪ সালের গণ-আন্দোলনের পর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলেও মানবাধিকার পরিস্থিতির পূর্ণ উন্নয়ন এখনও বাকি। চিঠিতে বিশেষ করে রাজনৈতিক প্রতিপক্ষকে আটক বন্ধ করা, সাংবাদিক ও ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অতীতের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপ-পরিচালক মীনাক্ষী গাঙ্গুলী বলেন, স্বৈরাচারী শাসনমুক্ত নতুন বাংলাদেশে স্বাধীন প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং আইনের শাসন বজায় রাখা এখন সময়ের দাবি।
চিঠিতে সংগঠনগুলো সুনির্দিষ্ট কিছু সুপারিশ তুলে ধরেছে, যার মধ্যে রয়েছে:
বিতর্কিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করা।
একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশন গঠন।
রোহিঙ্গাদের অধিকার সুরক্ষা এবং জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা।
নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো।
মানবাধিকার রক্ষায় বিএনপির নির্বাচনি অঙ্গীকারগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছে এই সংস্থাগুলো।