মার্কিন প্রভাবমুক্ত আঞ্চলিক ঐক্যের ডাক: মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইরানি জেনারেলের হুঁশিয়ারি
মধ্যপ্রাচ্যের দেশগুলোকে যুক্তরাষ্ট্রের ‘পুতুল শক্তিতে’ পরিণত না হতে এবং ওয়াশিংটনের ওপর নির্ভরতা কমানোর আহ্বান জানিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন ইরান সেনাবাহিনীর প্রধান মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি। তিনি মধ্যপ্রাচ্যের নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভণ্ডামি রুখে দিতে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে একটি শক্তিশালী স্বাধীন নিরাপত্তা বলয় ও ঐক্য গড়ে তোলা এখন সময়ের দাবি।
জেনারেল শেকারচি তার বিবৃতিতে দাবি করেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলের দেশগুলোর প্রকৃত নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার সক্ষমতা রাখে না। চলমান যুদ্ধে ইরানের অবকাঠামোগত বা বস্তুগত যা ক্ষতি হয়েছে, তা নিজেদের মেধা ও সম্পদ দিয়েই ইরান পুনর্গঠন করতে পারবে বলে তিনি দৃঢ় আত্মবিশ্বাস ব্যক্ত করেন। তবে তার মতে, এই যুদ্ধের ফলে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের যে মর্যাদা ও ভাবমূর্তির ধস নেমেছে, তা আর কখনোই মেরামত করা সম্ভব হবে না।
বিবৃতিতে ইরানের এই শীর্ষ সেনা কর্মকর্তা দাবি করেন, সাম্প্রতিক লড়াইগুলোতে ইরান কৌশলগতভাবে বিজয়ী হয়েছে। যদিও মার্কিন প্রশাসন ইরানের এসব সাফল্যের দাবিকে শুরু থেকেই নাকচ করে আসছে। মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলোকে মার্কিন প্রভাব বলয় থেকে বের করে এনে তেহরানের নেতৃত্বে একটি আঞ্চলিক জোট গঠনের লক্ষ্যেই এই কড়া বার্তা দেওয়া হয়েছে। তিনি স্পষ্ট করেন যে, বিজাতীয় শক্তির ওপর ভরসা না করে নিজেদের শক্তি বৃদ্ধি করাই হবে মধ্যপ্রাচ্যের জন্য দীর্ঘমেয়াদী সমাধানের একমাত্র পথ।